জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা হিসেবে পরিচিত জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, যা অত্যন্ত পরিতাপের বিষয়। তিনি বলেন, “জাতীয় পার্টি অলরেডি মৃত। ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক দাফন ও জানাজা সম্পন্ন হবে।”
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর–৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকলেও গোপনে ‘না’-এর কার্যক্রম চালাচ্ছে। এই ওপেন-গোপনের রাজনীতি বন্ধ করে জনগণের কাতারে নেমে এসে ‘হ্যাঁ’ ভোট জিতিয়ে সংসদে ইতিবাচক ক্ষমতা কাঠামোর পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, তারেক জিয়া, নাহিদ ইসলাম ও ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে দাঁড়িয়েছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের আগে মুড়ি, শাড়ি বা টাকা নিয়ে এলে তা প্রত্যাখ্যান করবেন। এক দিনের ভুল সিদ্ধান্ত আগামী পাঁচ বছর ভোগাবে।”
জনসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়