নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। এই ঐতিহাসিক আয়োজনে এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠান ঘিরে দক্ষিণ প্লাজায় চলছে ব্যাপক প্রস্তুতি।
নিরাপত্তার অংশ হিসেবে এরই মধ্যে পুরো দক্ষিণ প্লাজা এলাকায় বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান নিয়েছেন গোয়েন্দা সদস্যরা। সংসদ ভবনের প্রবেশপথ থেকে ভেতর পর্যন্ত চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইনসহ বিশেষায়িত ইউনিটগুলো।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যরা বাসা থেকে রওনা দেওয়ার মুহূর্ত থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। প্রোটোকল নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আনা-নেওয়া থেকে শুরু করে নির্ধারিত রুট এবং সংসদ ভবনের চারপাশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনো ধরনের হুমকির আশঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশপথ দিয়ে। আয়োজন নির্বিঘ্ন করতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে যান চলাচল বন্ধ থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়