নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রথমে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন।
এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাজেট অনুমোদনের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। নতুন জনবল নিয়োগ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন জরুরি। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন, যাতে সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা যায়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) Baharul Alamসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়