ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রচারণার শেষ মুহূর্তে ফলাফল নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র। এমন প্রেক্ষাপটে আসনভিত্তিক এক জরিপে এগিয়ে থাকতে দেখা গেছে বিএনপি নেতৃত্বাধীন জোটকে।
জরিপ অনুযায়ী, ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জোট এগিয়ে রয়েছে ১৭০টি আসনে। জামায়াত জোট এগিয়ে আছে ৭০টি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন ২০টি আসনে। এছাড়া ৩৪টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। জাতীয় পার্টি এগিয়ে আছে ৩টি এবং ইসলামী আন্দোলন ২টি আসনে। প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে সশরীরে মোট ১ হাজার ৫০০ ভোটারের মতামত নেওয়া হয়। প্রতি আসনে ৫০ জন করে ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপ কার্যক্রম চলে ১৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। পরে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় সেটি বাদ দেওয়া হয়।
জরিপে দেখা যায়—
বিএনপি এগিয়ে রয়েছে মোট আসনের প্রায় ৫৬ শতাংশে
জামায়াতে ইসলামী প্রভাব ধরে রেখেছে ২৩ শতাংশ আসনে
স্বতন্ত্র প্রার্থী শক্ত অবস্থানে ৬.৭ শতাংশ আসনে
১১ শতাংশ আসনে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জরিপ অনুযায়ী—
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৫ আসনে জামায়াত আমির শফিকুর রহমান এগিয়ে
ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বিএনপির এম এ কাইয়ুমের হাড্ডাহাড্ডি লড়াই
ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজের মধ্যে কঠিন লড়াই
জরিপে উঠে এসেছে—
৩৬ শতাংশ মানুষ মনে করেন নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে
১৪ শতাংশ মনে করেন স্থিতিশীলতা আসবে না
৩২ শতাংশের মতে বিষয়টি অনিশ্চিত
১৬ শতাংশ এ বিষয়ে কোনো মত দেননি
এছাড়া ৫১ শতাংশ মানুষ মনে করেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ১৫ শতাংশ মনে করেন তা হবে না, আর ১৬ শতাংশ আংশিকভাবে সুষ্ঠু হবে বলে ধারণা করছেন।
ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের অগ্রাধিকার—
দলের আদর্শ ও ইশতেহার: ৩১ শতাংশ
উন্নয়ন কর্মকাণ্ড: ২৭ শতাংশ
স্থানীয় সমস্যা সমাধানের সক্ষমতা: ২৪ শতাংশ
প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা: ১৮ শতাংশ
জরিপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে তরুণ ভোটারদের প্রভাব।
৪৮ শতাংশ মানুষ মনে করেন, এবারের নির্বাচনে তরুণ ভোটাররা বড় ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার প্রায় ১৩ কোটি। এর মধ্যে ১৮–২৯ বছর বয়সী তরুণ ভোটার প্রায় ৩ কোটি ৫ লাখ। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণদের নেতৃত্বের অভিজ্ঞতা এবারের ভোটের মাঠেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার চাবিকাঠি এবার তরুণ ভোটারদের হাতেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়