ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির সন্তান ও তার ভাইকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানান, শহিদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও হাদির সন্তানকে হত্যার আশঙ্কা করছেন। কারণ এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্র গ্রেপ্তার হয়নি। ফলে খুনি চক্র যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ কারণে তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ওমর বিন হাদিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহিদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে শাহবাগ থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়