ইউরোপের শীর্ষ অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস গুগলের ক্লাউড সেবা থেকে তাদের গুরুত্বপূর্ণ ডিজিটাল সিস্টেম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ভাষায়, এই সিদ্ধান্তের মূল কারণ নিরাপত্তা ঝুঁকি এবং সংবেদনশীল শিল্প-সংক্রান্ত তথ্যের ওপর যুক্তরাষ্ট্রের আইনগত কর্তৃত্ব নিয়ে উদ্বেগ।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন গুগল তাদের এআই সহকারী জেমিনি নিয়ে যুক্তরাষ্ট্রে একটি ক্লাস-অ্যাকশন মামলার মুখোমুখি। ব্লুমবার্গের বরাতে আরটি ডটকমের প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর মাসে ব্যবহারকারীদের অজান্তেই জেমিনি জিমেইল, চ্যাট ও মিটে সক্রিয় করা হয়। এর ফলে গুগল ই-মেইল, সংযুক্ত নথি ও ভিডিও কলের মতো ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পায়। যদিও গুগল এসব অভিযোগ অস্বীকার করেছে।
এয়ারবাস এখন একটি বড় চুক্তির জন্য দরপত্র প্রস্তুত করছে, যার মাধ্যমে তারা ক্রিটিক্যাল সিস্টেমগুলো একটি সম্পূর্ণ ইউরোপীয়, ডিজিটালি সার্বভৌম ক্লাউডে স্থানান্তর করবে। বর্তমানে প্রতিষ্ঠানটি গুগল ওয়ার্কস্পেস ব্যবহার করছে। তবে ডেটা সেন্টার কাঠামো একীভূত করার পর ধাপে ধাপে নিজস্ব অন-প্রিমাইস সিস্টেমও সরানো হবে।
এই পরিবর্তনের আওতায় পড়বে উৎপাদন, ব্যবসা পরিচালনা এবং বিমান নকশার মতো মূল সিস্টেম ও তথ্যভান্ডার। তবে এয়ারবাস স্বীকার করেছে, তাদের প্রযুক্তিগত ও আইনগত মান পূরণ করতে সক্ষম এমন ইউরোপীয় ক্লাউড সেবা প্রদানকারী পাওয়ার সম্ভাবনা অনেক।
এয়ারবাসের ডিজিটাল বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন জেস্টিন বলেন, “আমাদের একটি সার্বভৌম ক্লাউড প্রয়োজন, কারণ এখানে এমন তথ্য আছে যা জাতীয় ও ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। আমরা নিশ্চিত করতে চাই, এই তথ্য ইউরোপের নিয়ন্ত্রণেই থাকবে।”
৫০ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের এই দরপত্র জানুয়ারির শুরুতে আহ্বান করা হতে পারে। সিদ্ধান্ত আসবে গ্রীষ্মের আগেই।
গত ছয় বছর ধরে বৈশ্বিক বিমান অর্ডারের দৌড়ে শীর্ষে থাকা এয়ারবাস স্বীকার করেছে, চলতি বছরে তাদের মার্কিন প্রতিদ্বন্দ্বী বোয়িং এগিয়ে যেতে পারে। এ বিষয়ে এয়ারবাসের প্রধান নির্বাহী গিয়োম ফোরি বলেন, “বাণিজ্য আলোচনার সময় রাজনৈতিক সমর্থন বেশি থাকায় বোয়িং সুবিধা পেয়েছে, যেখানে বড় বিমান ক্রয়ের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি প্রকাশ্যে বোয়িংয়ের বিক্রি বাড়ানোর কৃতিত্ব দাবি করেছেন এবং বলেছেন, বোয়িং তাকে ‘বোয়িংয়ের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিক্রেতা’ হিসেবে একটি পুরস্কারও দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়