ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে সাধারণ যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়ছেন।
প্রতিবেদকের খোঁজে জানা গেছে, সোমবার (২ মার্চ) মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু হয়। সেতুর ওপর যানবাহনের ধীরগতি পুরো মহাসড়কে প্রভাব ফেলে, যা পরে গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী ট্রাক চালক মোহন মিয়া জানান, রাত তিনটায় দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েছেন। দীর্ঘ সময় পার হলেও যানজট না কমায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রাইভেটকার চালক উজ্জ্বল প্রধান বলেন, “গজারিয়া অংশের ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। কুমিল্লামুখী লেনে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে আড়াই ঘণ্টা বসেও মেঘনা ব্রিজ পার করতে পারিনি। স্বাভাবিক সময়ে এই পথ পার হতে মাত্র ৮-১০ মিনিট লাগে।”
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, নারায়ণগঞ্জ অংশে ক্ষতিগ্রস্ত লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজের কারণে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে, যা পরে গজারিয়া অংশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, “জানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়