সিরাজগঞ্জর রায়গঞ্জ উপজেলা-এর ফুলজোড় নদীতে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন চৌরাস্তা মোড়ে ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহ্বায়ক সাইফুল্লা ইবনে সাঈদ সজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক কামরুল হাসান মুরাদ, আব্দুর রাজ্জাক নাসিমসহ শিক্ষক, সাংবাদিক ও এনজিওকর্মীরা।
বক্তারা জানান, এসআর কেমিক্যাল নামে বগুড়ার শেরপুরস্থ একটি প্রতিষ্ঠান ফুলজোড় নদীতে বিষাক্ত শিল্পবর্জ্য ফেলে আসছে। এতে কয়েক দিন ধরে নদীর পানি দূষিত হয়ে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এছাড়া পানিতে নামলে চর্মরোগ ও ঘা-পচড়া সমস্যা দেখা দিচ্ছে।
ফুলজোড় নদী এক সময় দেশীয় মাছের সমৃদ্ধ উৎস ছিল, কিন্তু শিল্পবর্জ্যের কারণে নদীর জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। বক্তারা নদী রক্ষায় দ্রুত দূষণ বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনের শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়