মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হওয়ায় শত শত যাত্রী আটকা পড়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের আগেই অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছালেও বিকালের পর ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে চেক-ইন করতে না পেরে যাত্রীরা বহির্গমন এলাকায় জটলা করে অবস্থান করছেন।
যাত্রীদের অনেকেরই আগামীকাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজে যোগ দেওয়ার কথা ছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর এক যাত্রী আকবর হোসেন জানান, তার জেদ্দায় যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
একই পরিস্থিতির কথা জানিয়েছেন আরেক যাত্রী আব্দুর রহিমও। তারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করলেও কবে ফ্লাইট চালু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ অবস্থায় বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম জানানোর নির্দেশনা দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়