চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার সকালে পুলিশ সদর দপ্তরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় সভাপতিত্ব করেন আইজিপি। ওই সভাতেই তিনি পদত্যাগের ইচ্ছার কথা কর্মকর্তাদের জানান।
এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে চূড়ান্ত কিছু না জানালেও পরে দুপুরের দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আইজিপির পদত্যাগপত্র গৃহীত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পৌঁছেছে বলে জানা গেছে।
এর আগে গত জানুয়ারিতে বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে রদবদলের ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে যান।
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগপত্র জমা দিলেন।
একাধিক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্বাচন অনুষ্ঠানের পরপরই আইজিপি ঘনিষ্ঠজনদের কাছে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন। অবশেষে রোববার দুপুরে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই মুহূর্তে তার পদত্যাগপত্র গ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি। এক কর্মকর্তা বলেন, পদত্যাগপত্র জমা দিলেই তা কার্যকর হয় না; সরকারিভাবে গ্রহণ না করা পর্যন্ত তিনি আইজিপি হিসেবেই দায়িত্বে থাকবেন। পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জানা গেছে, আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নেওয়ার পর আইজিপিকে পদত্যাগপত্র নতুন সরকারের কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি এখন সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়