জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও রাজনৈতিক দলগুলো এখন মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “একটি দল জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকটি দল এর বাস্তবায়ন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে এনসিপি মনে করে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই কেবল এই সংকট থেকে উত্তরণের পথ।”
তিনি জানান, ঐকমত্য কমিশন জানিয়েছে—তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে। এনসিপি এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে, তবে এখনো সেই আদেশের বিষয়বস্তু দলটির কাছে উপস্থাপন করা হয়নি।
এনসিপির সদস্যসচিব বলেন, “কমিশন যে খসড়া আদেশ তৈরি করছে, আমরা আশা করি তা আমাদের সঙ্গে শেয়ার করা হবে। পূর্ণ নিশ্চয়তা পেলে তবেই আমরা জুলাই সনদে স্বাক্ষরের দিকে এগোবো।”
তিনি আরও বলেন, “এই ঐকমত্য প্রক্রিয়ায় এনসিপি শুরু থেকেই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রেখেছে। আমরা চেষ্টা করেছি সংস্কারের আলোচনাকে মূলধারায় রাখতে।”
জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আখতার হোসেন বলেন, “আমরা চাই না এটি জুলাই ঘোষণাপত্রের মতো কেবল কাগুজে দলিলে পরিণত হোক। কমিশন যেন কোনো রাজনৈতিক চাপের মুখে না পড়ে, সে বিষয়ে আমরা তাদের সর্বাধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।”
তিনি যোগ করেন, “জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে এনসিপি দীর্ঘদিন ধরে কাজ করছে। এই আইনি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়