প্রায় ২০ বছর পর আজ শনিবার সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এ মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রেকর্ডসংখ্যক মানুষের সমাগমের আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি জনসভায় অংশ নিয়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়