
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিনব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীর ১৯৭ সদস্য নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তা দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা। সংঘর্ষে নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে।
জিও নিউজ জানায়, গত ৩১ জানুয়ারি বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশের ১২টি শহর ও জনপদে একযোগে হামলা চালানোর পর সেনা অভিযান শুরু হয়। ওইদিন হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায়, অভিযানের প্রথম ধাপে ৯২ জন ‘জঙ্গি’ নিহত হয়, যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। তীব্র সংঘর্ষে সেদিনই ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হন। পরবর্তীতে স্যানিটাইজেশন অপারেশনের মাধ্যমে হামলার পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের শনাক্তের কাজ চলছে।
আইএসপিআর দাবি করেছে, এসব হামলার পরিকল্পনা ও নির্দেশনা পাকিস্তানের বাইরে অবস্থানরত নেতারা দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ বেলুচিস্তানে অন্যান্য প্রদেশের পাকিস্তানি নাগরিক ও বিদেশি জ্বালানি কোম্পানির ওপর হামলা বাড়িয়েছে বলে জানায় নিরাপত্তা সূত্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply