1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বঙ্গোপসাগরে আইএনএস আরিঘাট থেকে কে-৪ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ভারত তার সমুদ্রসীমায় পারমাণবিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এক বড় পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে শক্তিশালী কে–৪ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়। প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশাখাপত্তনম উপকূলে প্রায় ৬ হাজার টন ওজনের আইএনএস আরিঘাট থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। যদিও এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে সলিড-ফুয়েল চালিত কে–৪ মিসাইলটি প্রায় দুই টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্র ভারতের ‘নিউক্লিয়ার ট্রায়াড’—স্থল, আকাশ ও জলপথে পরমাণু হামলা চালানোর সক্ষমতা—সম্পূর্ণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ভারতের কাছে আইএনএস অরিহন্ত ও আইএনএস আরিঘাট নামে দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে। অরিহন্ত যেখানে ৭৫০ কিলোমিটার পাল্লার মিসাইল বহনে সক্ষম, সেখানে আরিঘাটে কে–৪ মিসাইল সংযোজন ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়েছে।

এই নতুন সক্ষমতার মাধ্যমে ভারত কার্যত চীন ও রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশগুলোর কাতারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ভারতের পরবর্তী লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে আরও বড় ও শক্তিশালী পরমাণু সাবমেরিন আইএনএস অরিধামন নৌবাহিনীতে যুক্ত করা।

যদিও যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় ভারতের সাবমেরিনগুলো আকারে তুলনামূলক ছোট, তবে কে–৪ মিসাইলের মোতায়েন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে ভারতের ‘নো ফার্স্ট ইউজ’ নীতির ক্ষেত্রে এসব সাবমেরিনকে সবচেয়ে নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা ভারতের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!