ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটসহ একাধিক সিদ্ধান্তে পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে শুরু হওয়া এই কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের দাবি, এসব সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং কমিশনের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে।
ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলছে। তারা আরও দাবি করেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী পদক্ষেপ নিচ্ছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি চলছে। তিনি বলেন, তাদের আন্দোলন তিনটি মূল দাবিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
প্রথমত, পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।
দ্বিতীয়ত, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও দূরদর্শী সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
তৃতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রদল নেতারা জানান, তাদের দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়