1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

আইপিএল সম্প্রচার বন্ধ ও বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার আহ্বান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)–এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন,
‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন,
‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

এদিকে, বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের কলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানান আসিফ নজরুল। তিনি লেখেন,
‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, বোর্ডকে জানাতে বলা হয়েছে—
‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’

একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!