
হরমোজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। মঙ্গলবার ওমান থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে প্রণালী অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম আলা আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘স্টেনা ইম্পারেটিভ’ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সশস্ত্র সদস্যদের বহনকারী তিন জোড়া ছোট বোট। আইআরজিসির দাবি, রেডিও বার্তার মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সে নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে নিজ গন্তব্যে এগিয়ে যান।
ভ্যানগার্ড টেক জানিয়েছে, জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে একটি মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস দাবি করেছে, একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে জাহাজটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে।
বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমোজ প্রণালী দীর্ঘদিন ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই নৌপথ বন্ধের হুমকি দেন।
এদিকে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর দিকে ধেয়ে আসছিল। জাহাজটির নিরাপত্তার স্বার্থে ড্রোনটি ভূপাতিত করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply