উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সোমবার (২ মার্চ) ভোরে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, ইসরায়েলের ‘বারবার আগ্রাসন’ এবং লেবাননের জনগণের আত্মরক্ষার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল যদি তাদের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রাখে, তবে প্রতিরোধমূলক জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে এবং উপযুক্ত সময় ও স্থানে সেই জবাব দেওয়া হবে।
হিজবুল্লাহর হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়া দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকা এলাকাতেও হামলার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননজুড়ে হিজবুল্লাহকে লক্ষ্য করে জোরালো হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো হুমকি সহ্য করা হবে না এবং পরিস্থিতির অবনতির দায় হিজবুল্লাহর ওপরই বর্তাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়