নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”
আরেকটি পোস্টে তিনি লেখেন, “অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।”
জামায়াত আমিরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি করেছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই আহ্বানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘১১ দলীয় জোট’ থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পরই ডা. শফিকুর রহমানের এই ফেসবুক পোস্ট সামনে আসে।
এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করে। এই জোটের সঙ্গেই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। সে কারণে জামায়াত ৪৭টি আসন ফাঁকা রেখেছিল। তবে শেষ পর্যন্ত চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।







