1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মেহেরপুরে জামায়াতের ‘ক্লিন সুইপ’: মাওলানা মো. তাজউদ্দীন খান ও নাজমুল হুদা’র বিজয়ে নতুন রাজনৈতিক সমীকরণ

জাহারুল ইসলাম জীবন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনেই চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ধানের শীষের প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। শুক্রবার নির্বাচন কমিশন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল এবং বিজয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া মেহেরপুরের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

** মেহেরপুর-১ আসনে, ‘সব মানুষের এমপি’ হওয়ার ঘোষণা তাজউদ্দীন খানের:- মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. তাজউদ্দীন খান (দাঁড়িপাল্লা) ১,২৩,২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন (ধানের শীষ) পেয়েছেন ১,০৫,৪৪১ ভোট।

* বিজয়ের পর এক আবেগঘন পরিবেশে তাজউদ্দীন খান বলেন:- “আমরা শুধু জামায়াতের ভোটে নির্বাচিত হইনি, দলমত নির্বিশেষে সকলের ভোটে বিজয়ী হয়েছি। এই জয় মেহেরপুরের নির্যাতিত ও মুক্তিকামী মানুষের। আমি কোনো নির্দিষ্ট দলের এমপি হতে আসিনি, আমি মেহেরপুরের প্রতিটি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৬,৭৭৫ জন, যার মধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫০,৯৫১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৫,৮৩৭টি।

** মেহেরপুর-২ আসনে নাজমুল হুদার বিজয় ও সংহতির আহ্বান:- গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনেও বিজয়ের পতাকা উড়িয়েছেন জামায়াতের প্রার্থী মো. নাজমুল হুদা। তিনি ৯৬,৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমজাদ হোসেন পেয়েছেন ৮৫,৯৮৮ ভোট। ১০,৩১৮ ভোটের ব্যবধানে এই জয় গাংনীতে জামায়াতের শক্ত অবস্থানকে পুনরায় প্রমাণ করেছে।

* বিজয়ের প্রতিক্রিয়ায় নাজমুল হুদা বলেন, “এটি শুধু আমার নয়, গাংনীবাসীর বিজয়। যারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন এবং যারা দেননি-সবার প্রত্যাশা পূরণে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

** সমসাময়িক চিত্রে নির্বাচনী উৎসব ও বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ:- নির্বাচনী ফলাফল ঘোষণার পর পুরো জেলায় জামায়াত সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে উৎসবের সমান্তরালে কিছু বিচ্ছিন্ন সহিংসতার খবরও পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে নির্বাচনী বিরোধের জেরে জামায়াতের ৩ কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে উজ্জল হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেহেরপুরের দুটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দীর্ঘ সময় পর ভোটাধিকার ফিরে পাওয়া সাধারণ ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছতা ও সাংগঠনিক সক্ষমতাকে প্রধান্য দিয়েছেন। বিশেষ করে মেহেরপুর-১ আসনে তাজউদ্দীন খানের ‘সর্বজনীন’ স্লোগান এবং মেহেরপুর-২ আসনে নাজমুল হুদার দীর্ঘদিনের মাঠ পর্যায়ের যোগাযোগ তাঁদের বিজয়ে প্রধান ভূমিকা পালন করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!