জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের সবাইকে দলে স্বাগত জানানো হয়।
এদিন জিতুর পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। তারা হলেন— শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তবে তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, সর্বশেষ জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে আবদুর রশিদ জিতু ভিপি নির্বাচিত হন। ওই নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেও শীর্ষ পদ ভিপিতে জয়লাভ করে আলোচনায় আসেন জিতু।
আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জুলাই আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনগুলোতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি জাবি ক্যাম্পাসে ব্যাপক পরিচিতি লাভ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়