পাথরঘাটা উপজেলার গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারির দোকান থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ ও ভাঙারির দোকান মালিকের তথ্য অনুযায়ী জসীম উদ্দীন ও তার সহযোগীরা ইঞ্জিনটি চুরি করে ৪৩ টাকা কেজি দরে মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার এলাকা থেকে ইঞ্জিনটি চুরি হয়।
অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের বাসিন্দা সালাম মৃধার ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, সম্প্রতি তিনি তার ট্রলারের জন্য দুটি ইঞ্জিন কিনেছিলেন। একটি ট্রলারে সংযোজন করা হলেও অন্যটি ছোট হওয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। বুধবার সকালে কর্মচারীর মাধ্যমে জানতে পারেন, সংরক্ষিত ইঞ্জিনটি সেখানে নেই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারির দোকানে ইঞ্জিনটি শনাক্ত করেন।
তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—জসীম মৃধা ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, সাড়ে চার লাখ টাকা দিয়ে কেনা ইঞ্জিনটি ভাঙারির দোকানে মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জসীম উদ্দীন মৃধা বলেন, এলাকার কয়েকজন ছোট ভাই একটি ইঞ্জিন বিক্রি করতে বাজারে এনেছিল। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কেউ কিনতে চাইছিল না। পরে তিনি নিজেই ইঞ্জিনটি বিক্রি করে দেন। তার দাবি, ইঞ্জিনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং তাকে হেয়প্রতিপন্ন করতেই এ অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়