ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। লতিফ হলের ভেতরে ঢুকে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের পর ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহতদের ছবি প্রকাশ করে দাবি করেন, ছাত্রশিবিরের একদল কর্মী দেশীয় অস্ত্র নিয়ে লতিফ হলে ঢুকে পরিকল্পিত হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, ছাত্রদল রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে শিবিরের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সাদিক কায়েম এ ঘটনাকে ‘দখলদারিত্বের কায়দায় হামলা’ আখ্যা দিয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়