
জাতিসংঘের তত্ত্বাবধানে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচিতে ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে অবস্থান নেন এবং রাত পর্যন্ত কর্মসূচি চালিয়ে যান। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, দুই দিন আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইনকিলাব মঞ্চের ব্যানারে সেখানে অবস্থান নেওয়া হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রাত পৌনে ৯টার দিকে গণমাধ্যমকে বলেন, “তারা জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি।”
এদিকে রাত সোয়া ৮টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, শত শত পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য তাদের ঘিরে রেখেছে। পোস্টে আরও বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংগঠনটির আরেক পোস্টে জানানো হয়, এক ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না এলে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে। ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে অবস্থান নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply