কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নাম ভাঙিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চকরিয়া পৌর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নোমান। তিনি কিছমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে।
সংবাদ সম্মেলনে নোমান অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন তার প্রভাব দেখিয়ে ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে তার মালিকানাধীন ‘ইত্যাদি স্টোর’ নামের দোকানে দলবল নিয়ে হামলা চালিয়ে তালা লাগিয়ে দেন বিএনপি নেতা নুরুল ইসলাম। অভিযুক্ত নুরুল ইসলাম ফাঁসিয়াখালীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বলে দাবি করেন তিনি।
নোমান আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নুরুল ইসলামের নিকটাত্মীয় হেলাল উদ্দিন হেলালী ইউপি চেয়ারম্যান হওয়ার পর তার দোকানে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা করলে বিবাদীরা জেলে যান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নুরুল ইসলামের স্ত্রীর বড় ভাই, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার সিরাজ উদ্দিন আহমেদের মধ্যস্থতায় আপোষ হয়।
আপোষের অংশ হিসেবে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নুরুল ইসলাম ভবিষ্যতে তার দোকান নিয়ে কোনো ধরনের ঝামেলা করবেন না মর্মে ‘অঙ্গীকারনামা’ প্রদান করেন বলেও দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়