1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ভোটের পরিবেশ শান্ত রাখতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মিছিল-সমাবেশ নিষিদ্ধ

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)। নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত সব ধরনের মিছিল, জনসভা ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষের পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

এই বিধান অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হবে। ওইদিন দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এর আগে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ২৫৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ২২৯ জন এবং জাতীয় পার্টি ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে ১৯৮ জন প্রার্থী দিয়েছে।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!