1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

কিয়েভ ও খারকিভে রাশিয়ার ব্যাপক হামলা, আহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এসব হামলায় কিয়েভে ২ জন এবং খারকিভে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে আহত দুইজনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত দুটি জেলায় হামলা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।”

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র—উভয়ই ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে দুটি স্থানে আগুন ধরে যায়।

নতুন বছরের শুরু থেকে কিয়েভে এটি দ্বিতীয় বড় ধরনের রাতারাতি হামলা। এসব হামলার কারণে শত শত আবাসিক ভবনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। জরুরি কর্মীরা এখনও সেবা পুনরুদ্ধারের কাজে নিয়োজিত রয়েছেন। এ সময় রাতের তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেন, ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো। প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!