1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনছে মেটা

টেক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সোশ্যাল মিডিয়া ব্যবহারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এই নতুন সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার বাইরে থাকবে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছু অতিরিক্ত ও সীমিত বিশেষ সুবিধা যুক্ত হতে পারে।

এতদিন এই তিনটি প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বৃদ্ধির কারণে মেটা বিকল্প আয়ের পথ খুঁজছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রিমিয়াম প্ল্যানে উন্নত এআইভিত্তিক বিভিন্ন টুল যুক্ত করা হতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই সাবস্ক্রিপশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরিতে সহায়তা এবং বিভিন্ন স্বয়ংক্রিয় কাজ আরও সহজ হবে। ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে এআইনির্ভর নতুন ফিচার, যেমন ‘ভাইবস’, যার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের সৃজনশীল ভিডিও তৈরি করা যাবে।

এছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সুবিধা যেমন—যারা ফলো করলেও পাল্টা ফলো করছে না তা দেখার সুযোগ এবং অন্যদের অজান্তে স্টোরি দেখার সুবিধাও প্রিমিয়াম প্ল্যানে থাকতে পারে। হোয়াটসঅ্যাপে উন্নত চ্যাট ফিচার, বাড়তি কাস্টমাইজেশন এবং এআইচালিত নানা সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তবে এখনো মেটা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেয়নি।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ ঐচ্ছিক। যারা অর্থ ব্যয় করতে আগ্রহী নন, তারা আগের মতো বিনামূল্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। মূলত অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার ব্যবহারে আগ্রহী ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রস্তাবিত উদ্যোগের সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও দেখা দিয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালুর পর ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে—ব্যক্তিগত ডাটা ভবিষ্যতে এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে কি না। এ বিষয়ে মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

মেটার এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যদিও ব্যবহারকারীরা কতটা আগ্রহ দেখাবেন তা এখনও স্পষ্ট নয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!