ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, এই অভিযান শুরু থেকেই প্রায় চার সপ্তাহের একটি পরিকল্পনার অংশ ছিল। তার ভাষায়, “আমরা ধারণা করেছিলাম এটি প্রায় চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগতে পারে।” তিনি বলেন, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ হওয়ায় অভিযান সম্পন্ন করতে এই সময় প্রয়োজন হতে পারে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে চার সপ্তাহের কম সময়েও অভিযান শেষ হতে পারে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনার বিষয়ে তিনি এখনো উন্মুক্ত আছেন। তবে আলোচনা শিগগির শুরু হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি। ট্রাম্প বলেন, “তারা এখন কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি—গত সপ্তাহেই তাদের কথা বলা উচিত ছিল।”
এদিকে দ্য আটলান্টিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে ফোনে বলেন, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও তারা অনেক দেরি করে ফেলেছে।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আইআরজিসির এখন আর কোনো সদরদপ্তর নেই।
এদিকে পাল্টা হামলায় ইরান ইসরায়েলের জেরুজালেম শহরের দিকে রকেট নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়