ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির সম্ভাবনা কম। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে Hindustan Times জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে যাবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠক নির্ধারিত রয়েছে।
সফরসূচি অনুযায়ী, ম্যাক্রোঁ পরে নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন। ফলে একই দিনে ঢাকায় অনুষ্ঠেয় শপথে মোদির উপস্থিতি সম্ভব হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে ভারতের ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি।
এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই নরেন্দ্র মোদি দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে মোদি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।”
দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়