1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়া দল শ্লীলতাহানির শিকার হয়েছে। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দীর্ঘক্ষণ অনুসরণ করার পর অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় (২৩ অক্টোবর সন্ধ্যায়) ক্রিকেটাররা খাজরানা রোড এলাকায় ঘুরতে বের হন। হোটেল থেকে বের হওয়ার পরই বাইকটি তাদের পেছনে চলে আসে। পাশের একটি ক্যাফের দিকে যাওয়ার সময় বাইক আরোহী তাদের কাছে এসে অশ্লীল আচরণ করে পালিয়ে যায়। দ্রুত ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।

ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ইন্দোর থানার এসিপি হিমানি মিশ্র দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৭৪ এবং ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করেন।

পুলিশ পাঁচটি থানার অফিসারদের নিয়ে তদন্ত দল গঠন করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর আকিল খান নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে পূর্বেও ফৌজদারি মামলা রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়া দলের ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। উভয় দলই ইতিমধ্যেই সেমিফাইনালে নিশ্চিত হয়েছে। এই ঘটনার পর ক্রিকেটারদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!