1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পৃথক পোস্টে তারা শোকবার্তা দেন।

এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”

তিনি আরও লেখেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”

মোদি বলেন, “২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে।”

শেষে তিনি লেখেন, “তার আত্মার শান্তি কামনা করি।”

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে দেওয়া শোকবার্তায় লেখেন, “বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি বলেন, “বাংলাদেশের প্রতি তার অবদান এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তার ভূমিকা একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থেকে যাবে।”

শাহবাজ শরিফ আরও লেখেন, “বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার ও পাকিস্তানের জনগণ এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা তার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।”

তিনি দোয়া করে বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মার শান্তি দান করুন। আমিন।”

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!