দেশে প্রথমবারের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম সফলভাবে সচল করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কারিগরি পরীক্ষায় ভয়েস কল, ডাটা কল ও ইন্টারনেট ব্রাউজিং সফলভাবে সম্পন্ন হয়।
ফেসবুকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, আলাপ অ্যাপ, জিপন ইন্টারনেট ও সিম—এই তিনটির প্রোভিশনিং সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ৮ ফেব্রুয়ারি এমভিএনও’র কমার্শিয়াল লাইভ পাইলট চালু করা হবে।
এমভিএনও সেবার আওতায় আনলিমিটেড কন্ডিশনাল ভয়েস, কন্ডিশনাল ডেটা, এন্টারটেইনমেন্ট কনটেন্টসহ কোয়াড-প্লে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দেওয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতে একটি যুগান্তকারী মাইলফলক এবং ডিজিটাল কানেক্টিভিটি ও সেবা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।