ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
দলীয় প্রধানের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নওগাঁয় কোনো নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে যাচ্ছেন তারেক রহমান। এ উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
জনসভায় তারেক রহমান নওগাঁ ও জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি তিনি জনগণের উদ্দেশে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়