বাংলাদেশ ব্যাংক-এর ১৪তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়-এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২-এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি একজন পেশাদার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) এবং ৩৩ বছরের বেশি সময় ধরে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষ ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়