জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, শিগগিরই দেশে একটি নতুন রাজনৈতিক জোট ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, অচিরেই বিএনপি–জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এই জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি-সন্ত্রাসবিরোধী শক্তি—তারাই থাকবে এই জোটে।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, যেসব অর্থনৈতিক শক্তি এতদিন ভারত ও আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়