বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালী সফর করতে পারেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।
তিনি জানান, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগ সফরের সূচি রয়েছে তারেক রহমানের। এই সফরের অংশ হিসেবে একদিন নোয়াখালীতে অবস্থানের সম্ভাবনা বেশি। এ জন্য ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে বলেও জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা সফল করতে মাঠপর্যায়ে কাজ করছেন।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে। এর আগে সিলেট সফরের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করবেন। দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তার প্রথম রাজনৈতিক সফর।
বিএনপির নেতাদের মতে, নোয়াখালীতে তারেক রহমানের আগমন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।







