উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণা শুরুর আগে রাজশাহীতে হজরত শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় নগরীর দরগাহপাড়ায় অবস্থিত এ সুফি সাধকের মাজারে যান তিনি। জিয়ারত শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান।
এর আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এরপর তিনি সরাসরি মাজার জিয়ারতে যান।
দুপুর ২টায় রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা অংশ নিচ্ছেন। তারা হলেন শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম ও আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫), শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।
রাজশাহীর জনসভা শেষে সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। বিকাল সাড়ে ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে তার নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহ জালাল (র.) ও হজরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা ছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি সমাবেশে বক্তব্য দেন তিনি।
পরবর্তীতে চট্টগ্রাম থেকে দ্বিতীয় দফার প্রচারাভিযান চালিয়ে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। এরপর ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভাসহ গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন তিনি।
উত্তরাঞ্চলে তিন দিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার রংপুরে যাবেন তারেক রহমান। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর বিকেলে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরকালে তিনি দুই দিন বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়