1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

দীর্ঘ দুই যুগ পর রংপুরে তারেক রহমান, জনসভা ঘিরে উত্তাল উত্তরবঙ্গ

এমদাদুল, রংপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রায় দুই যুগ পর রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীসহ উত্তরবঙ্গের সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে এসে সন্ধ্যায় কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

শুক্রবার সকালে কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, জনসভার জন্য মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠের চারপাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মাইক বসানো হয়েছে। সকালেই বিএনপির জেলা কমিটি ও সভা পরিচালনা কমিটির সদস্যরা মাঠ পরিদর্শন করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষে এই অঞ্চলে যে গণজোয়ার তৈরি হয়েছে, আজ তার বহিঃপ্রকাশ ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদগাহ মাঠ ছাড়িয়ে পুরো শহর জনসমুদ্রে রূপ নেবে।

তিনি আরও বলেন, রংপুর দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার ও উন্নয়নবঞ্চিত। বিএনপির নেতৃত্বে এই বৈষম্য দূর হয়ে রংপুর উন্নয়নের মূলধারায় যুক্ত হবে—এটাই আমাদের বিশ্বাস।

দুলু জানান, শুক্রবার জুমার নামাজ শেষে বগুড়া থেকে রওনা দিয়ে তারেক রহমান প্রথমে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টার পর রংপুরে পৌঁছে মাগরিবের নামাজের পর জনসভায় বক্তব্য দেবেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, জনসভা শেষে তারেক রহমান রাতে রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন।

মঞ্চ প্রস্তুতি কমিটির সদস্যরা জানান, তাদের দম ফেলার সুযোগ নেই। ঢাকা থেকে আসা রাজ সাউন্ডের অপারেটর মেহেদী হাসান বলেন, মঞ্চ, মাঠ এবং মাঠের বাইরে প্রায় ২০০টি মাইক বসানো হচ্ছে। অতিরিক্ত আরও ২০টি মাইক প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে নেতাকর্মীরা আশা করছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবে। জনসভা থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের দাবিগুলো তুলে ধরা হবে।

জনসভাস্থল দেখতে আসা রাধাবল্লব এলাকার বাসিন্দা হাসান আলী মুরশিদুল হক বলেন, আমরা কখনো সরাসরি তারেক রহমানকে দেখিনি। আজ তাকে সামনে থেকে দেখার অপেক্ষায় আছি এবং তার মুখ থেকে রংপুরের উন্নয়নের কথা শুনতে চাই।

একই এলাকার খোকন মিয়া বলেন, রংপুরে অনেক রাজনৈতিক নেতা থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবার তারেক রহমান রংপুরের জন্য কার্যকর উদ্যোগ নেবেন—এই আশাই আমাদের ভরসা।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, বিকেলে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তারেক রহমান রংপুরের জনসভায় যোগ দেবেন।

জিয়া সংসদের কেন্দ্রীয় নেতা রাজিব চৌধুরী বলেন, রংপুর বিভাগের আট জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে জনসভায় যোগ দিতে আসছেন।

সাবেক সংসদ সদস্য সাহিদা রহমান জোসনা বলেন, তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীদের অধিকার ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবেন বলে আমরা প্রত্যাশা করি।

এদিকে জনসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, জনসভাস্থল, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম মারুফ হোসেন বলেন, জনসভাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ কমিশনার মজিদ আলী জানান, নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!