সিলেটে শ্বশুরবাড়ি থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে এ প্রচারাভিযান শুরু করেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, “বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জুবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।”
তিনি আরও বলেন, “শাহজালাল ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম দলের পক্ষে এখান থেকেই শুরু করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর রহমত কায়েম করেন।”
দেশের মানুষের কাছে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। নারী উন্নয়ন, কৃষি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন তিনি।
এর আগে বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছে জিয়ারত করেন। পরে মাজার প্রাঙ্গণের কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।
এরপর রাত পৌনে ১০টার দিকে হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়ে রাত সোয়া ১০টার দিকে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়