বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থার বিস্তারিত জানায়।
মেডিকেল বোর্ড জানায়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষায় খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে আসা এবং আরও কয়েকটি জটিলতা শনাক্ত হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয়েছে ডায়ালাইসিস।
বোর্ডের বার্তায় আরও জানানো হয়, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করারও অনুরোধ জানানো হয়েছে।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর সেদিনই ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এর পর থেকেই চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়