ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, শনিবার দেশের সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের সব মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় এ সময় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়