সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যার অভিযোগ ও কয়েকজন সেনা অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, এ অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এ তথ্য জানিয়েছেন।
এদিকে আফগানিস্তান-এর তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আফগান বাহিনীর হামলার পর আফগানিস্তানের কয়েকটি প্রধান শহরে পাকিস্তানের ধারাবাহিক হামলার মধ্যেই এমন ঘোষণা দেন খাজা আসিফ।
তিনি পোস্টে বলেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
খাজা আসিফ লিখেছেন, “এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।”
এর আগে গত অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও সীমান্তে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে, যা সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় আরও হতাহতের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
তবে পাকিস্তানের এমন দাবি নাকচ করেছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে বলেন, পাকিস্তানের সর্বশেষ হামলায় কেউ আহত হয়নি।
এছাড়া পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়