দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই তিনি দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে সহযোগিতা চান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির সঙ্গে মিল রেখে তিনি বলেন, “আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি।”
এরপর থেকেই তারেক রহমানের এই ‘আই হ্যাভ এ প্ল্যান’-এ কী আছে, তা জানতে আগ্রহ বাড়ে দেশজুড়ে। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন।
তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে বিএনপি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ নেবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে নারী উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কার এবং পানিসম্পদ ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে সার, বীজ ও কৃষি উপকরণে ভর্তুকি দেওয়া হবে। স্বাস্থ্য খাতে এক লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রবাসী কল্যাণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়াতে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ জোরদার করা হবে। তরুণদের কর্মসংস্থানে আইটি পার্ক ব্যবহারের পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য কর্মস্পেস ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকার পানি সংকট নিয়ে সতর্ক করে তিনি বলেন, এখনই সুদূরপ্রসারী পরিকল্পনা না নিলে ভবিষ্যতে ভয়াবহ সংকট তৈরি হবে। এ বিষয়ে জাতীয় পর্যায়ে আলোচনা ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।
গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সারাদেশে জনসভায় এসব পরিকল্পনা তুলে ধরছেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, ‘আই হ্যাভ এ প্ল্যান’ ও ৩১ দফাসহ বিএনপির পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহার খুব শিগগিরই ঘোষণা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়