ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে রাতভর অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
এর আগে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে এসে অবস্থান নেয়। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি সম্পর্কে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “আমরা রাতভর অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেফতার করা না হবে, ততক্ষণ অবরোধ কর্মসূচি চলবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাবদিহি না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সরকারের উপদেষ্টাদের শাহবাগে এসে জনগণের মুখোমুখি হতে হবে। তারা জবাব না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখা হবে।”
আবদুল্লাহ আল জাবের আরও জানান, “খুনিদের গ্রেফতার করতে আমরা সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। সরকার সেই সময়ের মধ্যে ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার শহীদ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন খুনিদের গ্রেফতারই একমাত্র সমাধান। পদত্যাগ কোনো সমাধান নয়।”
তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়