ভোটের আগের রাতে তাহাজ্জুদের সময় বিএনপির নেতাকর্মীদের ঘুম থেকে ওঠার আহ্বানকে ভোটকেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার পরিকল্পনা হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের ভেতরে নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভাতেই সমালোচনা শুরু করেছেন। বলা হচ্ছে, তাহাজ্জুদের পর ভোটকেন্দ্রে যেতে। এর অর্থ হলো—ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনা।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে।”
সম্প্রতি একাধিক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ভোটের আগের রাতে তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠার আহ্বান জানান। তিনি ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে ভোটারদের লাইনে দাঁড়াতে সহায়তা করার কথাও বলেন। ভোট নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা থেকেই তিনি এমন আহ্বান দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, যাতে আমাদের বোনেরা-মায়েরা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন। যারা বাধা সৃষ্টি করবে বা ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের অংশ হবে। আমাদের দরজা খোলা।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়