ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত একটি বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ধ্বংস হওয়া উড়োজাহাজটি এটিআর ৪২-৫০০ মডেলের একটি টারবোপ্রপ বিমান। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে সাতজন কেবিন ক্রু এবং তিনজন যাত্রী রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) নামের একটি বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরে মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে মৎস্যসম্পদের ওপর জরিপ পরিচালনার উদ্দেশ্যে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি। তবে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আইএটির মূল দপ্তরের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয়। শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস এলাকার বুরুসারাউং পাহাড়ের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
দুর্ঘটনার কারণ উদঘাটনে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: রয়টার্স
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়