1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

২১৪ আসনে জয়, ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি বিএনপি নেতৃত্বাধীন জোটের

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৪ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। নির্বাচনের আগে সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা থাকায় নতুন মন্ত্রিসভায় জোটসঙ্গী দলের নেতাদেরও অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে। এর আগে ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। শপথ শেষে দুই দিনের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার দায়িত্ব নেবে। নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত দলের সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিক ফল প্রকাশের পর নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করবে। এরপর নবনির্বাচিত এমপিরা শপথ নেবেন এবং সংসদ গঠিত হবে। সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচন করলে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে রাষ্ট্রপতি সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট কমপক্ষে ১৫১টি আসন পেলে একক বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়। সে ক্ষেত্রে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকেই সরকার গঠনের আহ্বান জানানো হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বেশি আসনপ্রাপ্ত দলকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে শপথ অনুষ্ঠান ও দাফতরিক প্রস্তুতি শুরু করেছে।

এ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে এবং ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠিত হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন মন্ত্রিসভা কেমন হবে তা জানতে দেশবাসীকে আর অল্প সময় অপেক্ষা করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রিসভার একটি খসড়া তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য থাকার সম্ভাবনা রয়েছে। আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জোটসঙ্গীদের মধ্য থেকে আন্দালিভ রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নুরের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন আসন থেকে নির্বাচিত আরও বেশ কয়েকজন এমপির নাম সম্ভাব্য মন্ত্রিসভা তালিকায় ঘুরছে। নারী প্রতিনিধিদের মধ্যেও কয়েকজনের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।

টেকনোক্রেট কোটায় বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, আমিনুল হক ও মাহমুদুর রহমান মান্নার নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৫০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য সরকারি পরিবহন পুল গাড়ি প্রস্তুত রাখছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নেবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!