বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য স্থিতি ফেরলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
মাহাদী আমীন জানান, বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তিনি আরও উল্লেখ করেন, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সে জন্য তারেক রহমান প্রতিটি সিদ্ধান্ত ঘনিষ্ঠভাবে তদারকি করছেন।
হাসপাতালে নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিন অসংখ্য নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকেই সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানান মাহাদী আমীন। তিনি বলেন, দূর থেকেই সবাই ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। যেসব চিকিৎসকের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে তিনি চার মাস চিকিৎসা নিয়ে উন্নতি ফিরিয়ে এনেছিলেন—তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
মাহাদী আমীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার অবস্থার দ্রুত উন্নতি হবে এবং আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও জনগণকে অনুপ্রাণিত করতে ও জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়