1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

পাঁচ দফা দাবিতে আজ সারাদেশে জামায়াতসহ আট দলের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

কর্মসূচিতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলগুলোর শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সফল করতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ বা উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. সরকারের দমন–পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪–দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলগুলো। আজ শনিবার দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে, আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ করবে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!